পাখি

কেমন দেখতে হরিয়াল?

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৩

দ্বিজেন শর্মার একটি লেখা পড়ছিলাম। তিনি প্রকৃতি ও গাছপালা নিয়েই মূলত লিখেছেন। তাঁর আত্মজীবনী ‘মধুময় জীবনের স্মৃতি’ পড়ে প্রীত হয়েছিলাম বছর তিনেক আগে। তাঁর লেখায় গাছগাছালির নাম-ধাম যেমন আছে, তেমনি আছে বিচিত্র পাখপাখালির বর্ণনা।

হরিয়াল পাখির নামটা পড়ে মনে হলো—এ নাম আমি আগেও কোথাও পড়েছি, পাখিটি কেমন দেখতে?

সহজাত কৌতূহল থেকে আমার মস্তিষ্ক তার কুঠুরিগুলো তন্ন তন্ন করে খুঁজেও হরিয়াল দেখতে কেমন এ তথ্য আমাকে জানাতে পারল না। আমিও দমবার পাত্র নই, গুগলের সাহায্য নিয়ে হরিয়াল পাখি দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর পাখি! আমাদের সফিপুরে আমি বাঁশঘুঘু বা সবুজ ঘুঘু অনেক দেখেছি আর তিলা ঘুঘু তো দোয়েল-শালিক-চড়ুইয়ের মতো সাধারণ, কিন্তু আমি কখনো হরিয়াল দেখিনি।

দ্বিজেন শর্মার লেখাটি ছিল ৪৭-এর আগের অবিভক্ত ভারতের সিলেট করিমগঞ্জ এলাকার জঙ্গলাকীর্ণ কোনো এক টিলার কাছে কাটানো তাঁর ছোটবেলার স্মৃতি। এতে আমার ধারণা হয়, হরিয়াল পাহাড়ি এলাকায় বিচরণশীল ঘুঘু প্রজাতির একটি পাখি।

আমরা মানুষ—গাছপালা, ফুল, লতাপাতা, নদী আর পাখি দেখলে উদ্বেলিত হবই। আমরা বহুকাল প্রকৃতির কোলে প্রতিপালিত হয়েছি, তাই প্রকৃতির কাছে গেলে আমরা কেমন গলে পড়ি।

সুপ্তি জামান