দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২০

ভারতের রাজধানী দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লিতে সেরোলজিক্যাল সার্ভে রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

দিল্লিতে এ নিয়ে পঞ্চম বারের মতো সেরোলজিক্যাল সার্ভে চালানো হলো। সার্ভের রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৫৬ দশমিক ১৩ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাত্, ২ কোটি জনসংখ্যার দিল্লি ক্রমেই করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, উত্তর দিল্লির বাসিন্দাদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার কম। সেখানে ৪৯ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। আর দক্ষিণপূর্ব দিল্লিতে ৬২ দশমিক ?১৮ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি মিলেছে।

দিল্লিতে প্রথম সেরো সার্ভে করা হয়েছিল ২৭ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে। দিল্লি সরকারের পাশাপাশি এই কাজে সাহায্য করেছিল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ২১ হাজার ৩৮৭ জনের মধ্যে করা সেই সার্ভেতে দেখা গিয়েছিল ২৩ শতাংশ মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সর্বশেষ সার্ভে চালানো হয় ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে। এতে ২৮ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরির তথ্য উঠে আসে।

ভাইরাস সংক্রমণের পরে অ্যান্টিবডি তৈরি হওয়ায় অনেকের মধ্যেই রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। ফলে তারা হার্ড ইমিউনিটির অন্তর্ভুক্ত হয়ে যান।