পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে বুধবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ (৩৬) ও হেলপার ইয়াছিন (৩২)।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, ১২ মাইল সাহারা ফিলিং স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঐ দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে গাড়ির দরজা ভেঙে তাদের লাশ বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় চান্দু মল্লিক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। তিনি নওয়াপাড়া গ্রামের মৃত আজিজুল মল্লিকের ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকচালককে আটক করা যায়নি।