বিজয়ী প্রার্থীর গেজেট বাতিলে পরাজিত প্রার্থীর আবেদন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বিজয়ী প্রার্থী আতিকুর রহমান শামীমের গেজেট বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেছেন গৌরনদীর সুমন মোল্লা নামে পরাজিত এক কাউন্সিলর প্রার্থী (৬ নম্বর ওয়ার্ড)। পরে তিনি ২ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে বরিশালের জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ই-মেইলে উকিল নোটিশ পাঠিয়েছেন বলে জানান। পরাজিত কাউন্সিলর প্রার্থী সুমন মোল্লা অভিযোগে জানান, ‘ভোট গণনার সময় তাকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে মোট কাস্টিং ভোটের চেয়ে ঘোষিত ফলাফলে বেশি ভোট দেখিয়ে সুক্ষ্ম কারচুপির মাধ্যমে উটপাখি মার্কার ৬৬টি ভোট নষ্ট করে ২৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী টেবিল লাইট মার্কার কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান শামীমকে বিজয়ী ঘোষণা করা হয়।’ জানা গেছে, গত ৩০ জানুয়ারি গৌরনদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উকিল নোটিশের ব্যাপারে গতকাল বুধবার সকালে গৌরনদীর উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ধরনের কোনো উকিল নোটিশ পাননি বলে এ প্রতিবেদককে জানান।