দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহারের জয়পাড়া বাজারে বিএডিসির প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে গতকাল অভিযান চালিয়েছে প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নির্দেশে সরকারি সম্পত্তি উদ্ধারে এ অভিযান চালানো হয়। ৫৩ বছর ধরে জমিটি দখলে রেখেছিল অবৈধ দখলদাররা। অভিযানে অন্তত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা প্রশাসনের নির্দেশে মূল্যবান এই সরকারি সম্পত্তির দখল ছেড়ে দিতে আট জনকে গত ৩১ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থাপনা সরাতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। তারা সেই নির্দেশনা না মানায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
