স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদক, ডাকাতিসহ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ফরহাদ ওরফে আহাদকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দেওভোগের নাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, নাইলনের দড়ি, ড্রিল মেশিন ও ২০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ। ফরহাদ বাবুরাইল তাঁতীপাড়া এলাকার বিদ্যুত্ মিস্ত্রি অপু হত্যার এজাহারনামীয় আসামি।
