ঢাকা উত্তর সিটি করপোরেশন বাড়িওয়ালাদের দু মাসের মধ্যে নিজ নিজ বাড়িতে স্যুয়ারেজ পিট নির্মাণের জন্য পত্রিকায় নোটিশ দিয়েছে! শহরের বাড়িতে পিট নির্মাণের কোনো সুযোগও নেই। কেননা নির্মিত বাড়িতে পিট নির্মাণের মতো জায়গা নেই, কেউ পিট নির্মাণের প্রভিশন রাখেননি। কেননা ঢাকা শহরের পয়ঃবর্জ্য নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার। ওয়াসা স্যুয়ারেজ লাইনের মাধ্যমে সেটা করে থাকেন। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও মিরপুরে হাউজিং এলাকায় স্যুয়ারেজ লাইন স্থাপন করা হয়নি। মিরপুর হাউজিংয়ের প্রতিটি লেনের সঙ্গে যৌথ পিট ছিল, কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন রাস্তা প্রশস্ত করার সময় সেসব ভেঙে দিয়েছে। তাছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনই মেথর প্যাসেজে প্রতিটি বাড়ির স্যুয়ারেজ লাইন সারফেস ড্রেনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। বাড়িওয়ালাদের কখনো বলা হয়নি মিরপুরে হাউজিংয়ে স্যুয়ারেজ লাইন নির্মাণ করা হবে না। পিট নির্মাণের প্রভিশনও রাখা হয়নি। এ অবস্থায়, বাস্তবতা বিবেচনা করে বাড়ি-বাড়ি পিট নির্মাণের নোটিশ বাতিল করে, ওয়াসাকে স্যুয়ারেজ লাইন (যেখানে দরকার) স্থাপনের অনুরোধ করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
জনৈক বাসিন্দা
পল্লবী, ঢাকা
