স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার জোমেল ওয়ারিকান। ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন এ ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার। দিনের সর্বোচ্চ স্কোরার সাদমান ইসলাম অনিকের সঙ্গে মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন তিনি। তার বোলিংয়েই প্রথম দিন শেষে উইন্ডিজরা স্বস্তিতে রয়েছে। গতকাল বাংলাদেশ ২৪২ রান তুললেও ৫টি উইকেট পেয়েছে সফরকারী দল।
আজ ম্যাচের দ্বিতীয় দিনে দ্রুত বাংলাদেশের ইনিংস শেষ করার লক্ষ্যেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল। গতকাল দিন শেষে ওয়ারিকান বলেছেন, উইকেট এখনো ব্যাটসম্যানদের পক্ষেই আছে। আজ দলের হয়ে আরো উইকেট শিকারের আশায় আছেন তিনি। এবং বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৩০০’র নিচে আটকে রাখার টার্গেট উইন্ডিজদের।
গতকাল দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে ওয়ারিকান বলেছেন, ‘আমার জন্য খুব ভালো দিন ছিল। আমি গুরুত্বপূর্ণ তিনটি উইকেট পেয়েছি। আশা করি, এটা দলের সহায়ক হবে এবং কাল (আজ) আরো উইকেট পেতে চাই।’ মুশফিকের উইকেটটাই বেশি আনন্দ দিয়েছে ওয়ারিকানকে। মুশফিকের ব্যাট ছুঁয়ে বল স্লিপে চলে গিয়েছিল। ক্যাচ ধরেছেন কর্নওয়াল। তাতেই সাকিব-মুশফিকের ৫৯ রানের জুটি ভেঙেছিল উইন্ডিজরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়ে খুশি ওয়ারিকান।
আজ দ্রুত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করে দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান এ বাঁহাতি স্পিনার বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলে। তাই আমাদের খুব শৃঙ্খলিত বোলিং করতে হবে এবং সঠিক ফিল্ডিং রাখতে হবে। মৌলিক বিষয়টা ধরে রেখে ভালো জায়গায় বোলিং করা নিশ্চিত করতে হবে এবং ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ করতে হবে। কাল (আজ) সকালে কিছু উইকেট পেতে চাই। এবং আশা করি যত দ্রুত সম্ভব বাংলাদেশকে ৩০০’র নিচে অলআউট করতে পারব।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট এখনো ব্যাটিং সহায়ক বলেই মনে করেন ওয়ারিকান। গতকাল তিনি বলেন, ‘এটা এখনো ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। বাংলাদেশে প্রথম দিনের প্রথাগত উইকেট। আমরা খুব নিয়ন্ত্রিত ছিলাম এবং সঠিক জায়গায় বোলিং করেছি।’
