স্পোর্টস ডেস্ক
সাদা বলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকেই জানিয়েছিলেন টেস্ট অধিনায়কত্ব চান না তিনি। তবুও চলতি মৌসুমের জন্য কুইন্টন ডি ককের ওপর আস্থা রাখে দক্ষিণ আফ্রিকা; কিন্তু মাত্র দুই সিরিজেই শেষ হচ্ছে প্রোটিয়াদের ডি কক পর্ব। আজ শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর সাদা পোশাকে নেতৃত্বের ‘বোঝা’ থেকে মুক্তি পাবেন কক। এমনটাই জানিয়েছেন হেড কোচ মার্ক বাউচার।
অবশ্য টেস্ট অধিনায়ক হিসেবে শুরুটা ভালোই ছিল ককের। ঘরের মাঠে প্রথম সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ দেন শ্রীলঙ্কা; কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পরই যেন বদলে যায় সবকিছু।
গতকাল বাউচার বলেন, ‘পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে কিছুটা সময় আছে। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেব, তার জায়গায় কাকে অধিনায়কত্ব দেওয়া হবে। এই বোঝা থেকে তাকে মুক্তি দিয়ে তার সেরাটা বের করার চেষ্টা করব। রান না পেলে কথা উঠবেই, বিশেষ করে সে যদি অধিনায়ক হয়। তবে এমন পরিবেশে আমরা ককের প্রতি অতটা কঠোর নই।’
