স্পোর্টস রিপোর্টার
করোনার আশীর্বাদে আন্তর্জাতিক ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে নেয়ামুর রশীদ রাহুলের অভিষেক হয়েছিল গত মাসে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নতুন অর্জনের দেখা পেলেন এ বাংলাদেশি সাবেক ক্রিকেটার। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজেও ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন রাহুল। গতকাল চট্টগ্রামে প্রথম বাংলাদেশি ম্যাচ রেফারি হিসেবে টেস্ট অভিষেক হয়েছে রাহুলের।
এদিন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেকের স্বাদ পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকতও। বাংলাদেশি পঞ্চম আম্পায়ার টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করলেন। এর আগে আখতারউদ্দিন, মাহবুবুর রহমান, শওকাতুর রহমান, এনামুল হক মনি টেস্টে আম্পায়ারিং করেছিলেন। শরফুদ্দৌলা ইবনে সৈকতও করোনার কারণেই টেস্ট অভিষেকের সুযোগ পেলেন। গতকাল অন্য অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার ছিলেন গাজী সোহেল ও রিজার্ভ আম্পায়ার মাসুদুর রহমান। চট্টগ্রাম টেস্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজ দলে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। কাইল মেয়ার্স, এনক্রুমা বনার ও মোসলে টেস্ট ক্যাপ পেয়েছেন।
