মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা নিরাপত্তা পরিষদে আটকাল চীন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে চীন। সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা নেয় এবং অং সান সু চিসহ কয়েক শ শীর্ষ নেতাকে গ্রেফতার করে। এর পর থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা একটি সুপ্রিম কাউন্সিল প্রতিষ্ঠা করেছে যা মন্ত্রিসভার ওপরে থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অভ্যুত্থানের পর মিয়ানমারে বৈদেশিক সহায়তার বিষয়টি পুনঃবিবেচনা করা হচ্ছে। এর আগে দেশটি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। খবর বিবিসির

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে কিন্তু চীনের সমর্থন না করায় তারা যৌথ বিবৃতি দিতে পারেনি। যৌথ বিবৃতি দিতে হলে চীনের সমর্থন দরকার। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার কারণে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের। বৈঠকের আগে মিয়ানমারে থাকা জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার সামরিক বাহিনীর ক্ষমতা নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। গত নভেম্বরের নির্বাচনের ফলাফল সামরিক বাহিনী মেনে নিতে অসম্মতি জানানোর পর এই অভ্যুত্থান ঘটল। তিনি বলেন, এটা পরিষ্কার যে, নির্বাচনের ফলে সু চির দলের জন্য বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছিল। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের অভ্যুত্থানে সমর্থন দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে।