প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সিল-স্বাক্ষর জালিয়াতির মামলায় মো. করিম মিয়া নামে এক ব্যক্তিকে আগাম জামিন না দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেয়। আসামি করিমের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, হাইকোর্টের আদেশের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভোরে রংপুর-বগুড়া মহাসড়কে বড় ঈদগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে লালমনিরহাট থেকে ঢাকাগামী বাঁশ বোঝাই একটি ট্রাক থামায় হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও তার হেলপার জানান, এই বাঁশভর্তি ট্রাক প্রধানমন্ত্রীর বাসভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সিল-স্বাক্ষর দেওয়া একটি চিঠি দেখান। ঐ চিঠিটি ট্রাকের মালিক মো. করিম মিয়া তাদেরকে দিয়েছেন। এতে পুলিশের সন্দেহ হলে বাঁশভর্তি ট্রাকটি আটক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়। পরে পুলিশ জানতে পারে ভুয়া সিল ও স্বাক্ষর দিয়ে এ ধরনের চিঠি প্রস্তুত করা হয়েছে। এরপরই ট্রাকের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম ও আসামির পক্ষে আমজাদ হোসেন শুনানি করেন।
