সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে বাদীর আবেদন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে মামলার বাদী উচ্চ আদালতে এ আবেদন করেন। ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। এতে বলা হয়েছে, সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেওয়া হয়। গতকাল বুধবার বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আজ বৃহস্পতিবার আবেদনটি শুনানির দিন ধার্যের জন্য উপস্থাপন করা হতে পারে।  

এ প্রসঙ্গে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন ইত্তেফাককে বলেন, বাদী ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এই আদালত পরিবর্তনের আবেদন করেছেন।