ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী ফরিদকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডিআরইউ ও ক্র্যাব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম বিষয়ে পাঁচ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করায় এই হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনানী থানায় গত ১ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে; যার নম্বর ৬২।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আমরা জানতে চাই কারা সেই প্রভাবশালী চক্র? দুর্নীতিবাজ চক্রের এ ধরনের হুমকি সাংবাদিক সমাজ স্বাভাবিকভাবে মেনে নেবে এমনটা ভাবার কোনো কারণ নেই।
