ভারতের অন্ধ্র প্রদেশে মরদেহ কাঁধে এক নারী পুলিশ কর্মকর্তা দুই কিলোমিটার হাঁটলেন। রাস্তার পাশে সেই মরদেহটি পড়েছিল। কিন্তু তার সত্কারের জন্য কেউই এগিয়ে আসেনি। অবশেষে ঐ পুলিশ কর্মকর্তা খাটিয়ার এক পাশ ধরলেন। এ দৃশ্য দেখে উপস্থিত এক জন সাহায্যের হাত বাড়ান। এরপর দুই কিলোমিটার পথ হেঁটে ঐ সত্কারকার্য সম্পাদন করা হয়। এনডিটিভি
অন্ধ্রের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে ঘটনাটি ঘটেছে। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারা এর জন্য ঐ নারী কর্মকর্তার ব্যাপক প্রশংসা করেন। কেউ কেউ বলেন, মানুষ মানুষের জন্য। কেউ আবার বলেন, নারী পুলিশটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সেই পুলিশ কর্মকর্তাটির নাম কে সিরিশা। তিনি অন্ধ্র প্রদেশের পালাসাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে ধানখেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।
ইত্তেফাক/এসআর
