চেক জালিয়াতির মামলা: যুবলীগ নেতা মাখন গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১

দশ লাখ টাকার চেক জালিয়াতি মামলাসহ একাধিক মামলায় যুবলীগ নেতা মো. রেজাউল ইসলাম মাখন (৩০) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রেজাউল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাররা গ্রামের মো. ছবুর মিয়ার ছেলে। তিনি বানাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছেন।

মির্জাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মাখনের বিরুদ্ধে একটি ১০ লাখ টাকার চেক জালিয়াতি, একটি সিআর মামলাসহ একাধিক মামলা রয়েছে। একাধিক মামলা থাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ পেয়ে গতকাল পুলিশ ভাররা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু সাংবাদিকদের বলেন, ‘যুবলীগ নেতা মাখনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/এমআর