কৃষক আন্দোলন: রিয়ান্নাদের পক্ষে-বিপক্ষে ভারতের তারকারা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮

কৃষক আন্দোলনে ফুঁসছে গোটা ভারত। এ আন্দোলনের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বখ্যাত পপ-তারকা রিয়ান্না, সমাজকর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিস ও প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফার মতো তারকারা। এতোদিন ভারতের বাঘা বাঘা তারকা চুপ থাকলেও তারা সরব বিতর্কের মাঠে। যারা কৃষক আন্দোলনের পক্ষে কথা বলছেন এবার তাদের বিরুদ্ধে সোচ্চার হলেন ভারতীয় ক্রীড়াবিদ ও বিনোদন অঙ্গনের তারকারা।

শচীন টেণ্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, করণ জোহরও ঐক্যবদ্ধ ভারতের কথা বলেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রালয়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেলিব্রেটিরাও বললেন, রিয়ান্না-থুনবার্গদের মন্তব‌্য ‘দুঃখজনক’। এছাড়া এই আন্দোলনে পক্ষে কথা বলায় রিয়ান্নাকে তো ‘পর্ণতারকা’ বলে অক্ষা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওতে।

মূলত ভারতের কৃষক আন্দোলন নিয়ে সিএনএনের একটি প্রতিবেদন শেয়ার করে রিয়ান্না টুইটে লিখেছেন, ‘কেন আমরা এ বিষয়ে কথা বলছি না?’  এই টুইট নজর এড়ায়নি বলিউড অভিনেত্রী কঙ্গনা রনাওতের। সঙ্গে সঙ্গেই টুইটারে পাল্টা জবাব দেন কঙ্গনা। টুইটারে তিনি লেখেন, ‘বোকা, চুপ করো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না! কেউ এসব নিয়ে কথা বলছে না। কারণ, তারা কৃষক নয়, তারা আসলে সন্ত্রাসবাদী।’

রিয়ান্নার টুইটের কয়েক ঘণ্টা পরে কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন।

এদিকে কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় রিয়ান্নার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসানজ। রিয়ান্নার ডাক নাম নিয়ে ‘রিরি’ নামে তিনি একটি গান বানিয়ে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  রিয়ান্নাকে নিয়ে বাজে মন্তব্য করায় লজ্জায় পড়েছেন অভিনেত্রী সোনম কাপুর। ‘রিয়ান্না, আমি দুঃখিত’ বলে টুইট করেছেন এই বলিউড অভিনেত্রী।

এছাড়া শচীন টেন্ডুলকার টুইটে লিখেছেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোনও ঘটনার অংশীদার নয়। ভারতীয়রা দেশকে ভাল করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক‌্যবদ্ধ থাকা উচিত।’

বলিউডের খিলাড়ি কুমার বলেন, ‘বাইরে থেকে যারা কৃষক আন্দোলন সম্পর্কে কথা বলছেন- তারা অর্ধ সত‌্য জেনে বলছেন। তার বদলে এই সমস‌্যা মেটাতে সরকারের তরফে কী পদক্ষেপ করা হচ্ছে তা যদি জানা যায় তাহলে ভাল হয়।’

ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘আসুন, এই মতবিরোধের মধ্যে আমরা সবাই ঐক‌্যবদ্ধ থাকি। কৃষকরা দেশের অবিচ্ছেদ‌্য অঙ্গ। আমি নিশ্চিত, এই সমস‌্যার সমাধান পাওয়া যাবে, শান্তি ফিরবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর টুইটারে লেখেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যে কোনও সমস‌্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।’

কৃষক আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছেন পরিচালক করণ জোহর, অভিনেতা অজয় দেবগণ, সুনীল শেট্টিও। কোনও ভুয়ো প্রোপাগান্ডার ফাঁদে কারও পা দেওয়া উচিত নয় বলে উল্লেখ করে হ‌্যাশট‌্যাগ ‘ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা’ লিখে টুইট করেন তারাও।

ইত্তেফাক/বিএএফ