বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

জাতীয় পতাকা বিকৃতির মামলায় ১৯ শিক্ষক-কর্মকর্তার জামিন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭

বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)১৯ শিক্ষক-কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সেলিম ও তাবিউর রহমানসহ ১৯ জন শিক্ষক-কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে কঠোর পুলিশ প্রহরায় অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তারা জামিনের জন্য আদালতে আসেন।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে থাকা শিক্ষক ও কর্মকর্তা ১৫-২০ জন মিলে ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা স্মারকে শ্রদ্ধা নিবেদনের নামে বিকৃত জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা স্মারকে দাঁড়িয়ে ছবি তুলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব ছবি পোস্ট করলে সমালোচনার ঝড় ওঠে।

 

এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ বাদি হয়ে নগরীর তাজহাট থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/এমএএম