কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে পালপাড়া-গোলাবাড়ী সড়ক। ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটির ১০ কিলোমিটারই খানা-খন্দে ভরা। সড়কটির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ও পাঁচথুবী ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ। বৃষ্টি হলে কাদায় একাকার হয়ে যায়, শুকনো মৌসুমে ধুলায় ধূসর হয়ে পড়ে চারদিক। তিন ফুট গভীর গর্ত হয়ে আছে সড়কের বিভিন্ন স্থানে। এতে আটকে যায় যানবাহন। পালপাড়া, বানাশুয়া, রত্নবতী, ছত্রখিল, চানপুর, শ্রীপুর, শামার চর, শালধর, পাঁচথুবী, জালুয়াপাড়া, সুবর্ণপুর, শাহপুর, ছাওয়ালপুর ও গোলাবাড়ী গ্রাম ছাড়াও শিমপুর, শিমড়া, নন্দীর বাজার, মাঝিগাছা, কালিকাপুর, বামইল, কৃষ্ণপুর, শরীফপুর, বাগবেড় ও মীরপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন। সড়কটি জনগুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আলাউদ্দিন
হাউজিং এস্টেট, কুমিল্লা
