ভারতের টাইমস অব ইন্ডিয়া প্রথম প্রকাশ করলো অনন্ত জলিল প্রযোজিত ছবির খবর। সম্প্রতি ইফতেখার চৌধুরীর একটি ছবির ঘোষণা অনুষ্ঠানে অনন্ত জলিল ‘নেত্রী :দ্য লিডার’ নামে ছবির কথা বলেন। চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে এই ছবির গল্পটাও অন্যরকম হচ্ছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো। তাই আগেই কিছু বলতে চাইছি না। তবে আমাদের এই ছবিতে ভারত, তুরস্ক, ইরানসহ একাধিক দেশের তারকারা থাকবেন।’
প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় খল-অভিনেতা কবির দোহান সিং। মঙ্গলবার নিজেই সামাজিক মাধ্যমে সে খবর জানিয়ে ছিলেন তেলেগু সিনেমার এই অভিনেতা।
প্রথমে জানা যায়নি বাংলাদেশের কোন ছবি কিংবা কার ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন! ফলে এই অভিনেতার বাংলাদেশি সিনেমায় অভিনয়ের ঘোষণা নিয়ে দিনভর চলে নানা জল্পনা-কল্পনা! তবে বুধবার রাতে জানা গেল কোন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ৬ বছরে ৩৯টি সিনেমায় অভিনয় করা কবির দোহান!
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের প্রথম আন্তর্জাতিক ছবিটি নিয়ে মুখ খুলেছেন কবির দোহান। জানিয়েছেন, বাংলাদেশি সেই ছবিটির নাম ‘নেত্রী:দ্য লিডার’। এছাড়াও দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত অভিনয় করবেন এই ছবিটিতে। প্রদীপের নাম যুক্ত হওয়ায় এই তালিকায় এরইমধ্যে দুই ভারতীয় অভিনেতার ছবিটিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলো। ২০২০ সালের ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মহরত অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন অনন্ত জলিল। সেখানেই তিনি নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’-এর ঘোষণা দেন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন বলেও সেসময় জানান অনন্ত। শুধু তাই নয়, তিনি জানান, ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। ছবিটি নিয়ে তখন আর কিছু জানাননি অনন্ত।
আর এবার জানা গেল ছবির প্রধান খল-অভিনেতার নাম। যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন কবির। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘নেত্রী দ্য লিডার ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়। ছবিতে আমি প্রধান ভিলেন হিসেবে থাকছি।’
ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করা এই অভিনেতা ‘ভাষা’ নিয়ে খুব একটা চিন্তিত নন। তিনি বলেন, ‘ছবিটিতে প্রচুর অ্যাকশন রয়েছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এ ধরনের সিনেমা আমি খুবই পছন্দ করি।’
অন্যদিকে টাইমস অব ইন্ডিয়াতে এই খবর প্রকাশের পর অনন্ত জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কাজী হায়াত্, ইলিয়াস কাঞ্চন, সাব্বিরসহ একাধিক তারকা থাকবেন। একেবারেই ভিন্ন আঙ্গিকের গল্পে দর্শকদের নতুন কিছু দিতে চাইছি। আশা করি আমার কাছ থেকে যে ধরনের চমক সকলে প্রত্যাশা করেন তেমনটাই পাবেন।’
উল্লেখ্য, কবির দোহান সিং ও প্রদীপ রাওয়াত ছাড়াও গজনি ছবির দু’জন অভিনেত্রী ছবিটিতে কাস্ট হচ্ছেন বলে জানা যায়।
