স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তিনি সাক্ষাত্ করেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন, কোভিড-১৯ পরিস্থিতি, করোনার ভ্যাকসিন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার শিরীন শারমিন বলেন, সুইডেন বাংলাদেশের অনেক পুরোনো বন্ধু। সুইডেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে বলেন, কোভিডকালীন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম প্রশংসার দাবি রাখে।