ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে এখন থেকে দক্ষিণ সিটি করপোরেশন প্রতি বছর নির্ধারিত পাঁচটি খেলা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং কাবাডি খেলার আয়োজন করবে। এবার প্রথম বছর ফুটবল এবং ক্রিকেট হবে। আগামীতে এক সঙ্গে পাঁচটি খেলার আয়োজন করবে দক্ষিণ সিটি করপোরেশন।
গতকাল দুপুরে রাজধানীর নগর ভবনে আন্তঃনগর ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড প্রথম বারের মতো খেলায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ৬৩টি ফুটবল দল, ৬৪টি ক্রিকেট দল রয়েছে। খেলা আয়োজন করতে গিয়ে নগর পিতা দেখেছেন মাঠ-সংকট। তরুণ প্রজন্মকে খেলামুখী করতে মাঠের গুরুত্ব সবার আগে। নগরের মাঠ নিয়ে প্রশ্ন উঠলে মেয়র বলেন, ‘খেলার মাঠে গরুর হাট হবে না। যেসব মাঠ রয়েছে সেগুলো খেলাধুলা উপযোগী করা হবে।’ তিনি বলেন, ‘ওয়ার্ডভিত্তিক পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা মাঠ বাড়াব। আমাদের এই আয়োজন প্রতি বছর হবে। আমরা বিশ্বাস করি ওয়ার্ডভিত্তিক খেলা হলে এখান থেকে আগামী দিনের খেলোয়াড় উঠে আসবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা যেখানেই হবে, সেখানেই উত্সব হবে। এটি একটি মহতি উদ্যোগ।’
এরপরই টুর্নামেন্টের ট্রফি, জার্সি উন্মোচন এবং খেলার ফিকশ্চার ড্র তোলেন বাফুফে সভাপতি এবং মেয়র।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি ফুটবল এবং ১৬ ফেব্রুয়ারি আউটার স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে। এরপর ১৩টি মাঠে একযোগে খেলা শুরু হয়ে যাবে। চ্যাম্পিয়ন দলকে ৫ ও রানার্সআপ দলকে ৩ লাখ টাকা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা করে। এই টুর্নামেন্টে প্লাটিনাম স্পন্সর মধুমতি ব্যাংক দিয়েছে ১ কোটি টাকা। আছে গোল্ড স্পন্সর ওরিয়ন গ্রুপ।
