গ্রিজমান নৈপুণ্যে ঘুরে দাঁড়াল বার্সা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

৮৭ মিনিটেও ০-২ গোলে পিছিয়ে। সেখান থেকে ড্র করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় বার্সেলোনা। এবং অতিরিক্ত সময় শেষে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের ৫ গোলের চারটিতেই অবদান রাখা ফরাসি স্ট্রাইকার আতোঁয়ান গ্রিজমানের বীরত্বে কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে গ্রানাডাকে হারিয়েছে কাতালান ক্লাবটি। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আবার হেরেছে লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের দলকে ১-০ গোলে হারিয়েছে ব্রাইটন হোভ অ্যান্ড আলবিয়ন। 

গ্রানাডায় কেনেডি ও রবার্তো সোলডাডোর গোলে ৪৭ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৭ মিনিট পর্যন্ত ব্যবধান তা-ই ছিল। এরপরই গ্রিজমানের বদৌলতে ঘুরে দাঁড়ায় বার্সা। ৮৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করেন গ্রিজমান। এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্ডি আলবাকে দিয়ে করান সমতাসূচক গোলটি। ২-২তে ড্র হওয়ার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও প্রথম গোলের দেখা পান গ্রিজমান। ১০০ মিনিটে গ্রিজমানের ঐ গোলের পর গ্রানাডা আবার সমতা ফেরালেও শেষ ১২ মিনিটে আরো দুইবার গোলের দেখা পায় বার্সা। ১০৮ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং ও ১১৩ মিনিটে জর্ডি আলবার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে মেসিরা। কোপা দেল রে-এর অন্য কোয়ার্টারে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে লেভান্তে।

লিগে ৬৮ ম্যাচ ও প্রায় ৪ বছর ধরে অপরাজিত থাকার পর অ্যানফিল্ডে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখল লিভারপুল। স্টিভেন আলজাটির একমাত্র গোলে বুধবার ব্রাইটনের কাছে হেরেছে মোহামেদ সালাহরা।