যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই অগ্নিকাণ্ডে অন্তত ৭টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যারাত সাড়ে ৭ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগা ও নিয়ন্ত্রণ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, কারারক্ষী কোয়ার্টারে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং নিয়ন্ত্রণ করে।
এর আগে আগুন লাগার খবর পেয়ে রাত ৮ টার দিকে ঘটনাস্থলে যান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে কোয়ার্টারে আগুনে লেগেছে। সেটিও নিয়ন্ত্রণ আছে। সবাই নিরাপদেই আছেন।
ইত্তেফাক/এনএ
