দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে যাত্রীবাহী বাস চাপায় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আমির খানের ছেলে সিদ্দিকুর। খিলখেতের জোয়ার সাহারা এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে শাহীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এএসআইসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রী মা-মেয়ের। এতে আহত হয়েছেন অটোরিকশা চালক। গতকাল দিনাজপুরের আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার চাঁদগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী শিল্পী আকতার (৩৫) ও তার মেয়ে সোহা মনি (৪)। গতকাল সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকা থেকে অটোরিকশায় দিনাজপুর শহরে আসছিল মা শিল্পী আকতার ও মেয়ে সোহা মনি। তারা সদর উপজেলার জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এলে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয় অটোরিকশাকে। এতে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন। এদিকে গতকাল ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় চাকা ভেঙে ভটভটি উলটে রমজান আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। রমজান ঘোড়াঘাট উপজেলার চাশাল গ্রামের।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : কুমিরা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে নিতাই চাকমা (৩০) নামে এক পুলিশ অফিসার নিহত হন। গতকাল কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। ।
নলছিটি (ঝালকাঠি) : উপজেলায় ইট বোঝাই ডাইসু গাড়ি উলটে মো. নয়ন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল নলছিটি-হদুয়া সড়কের ভাড়ানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন সরমহল এলাকার একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত।
