ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে অভিযোগ --------- কবিতা খানম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১২

নির্বাচন কমিশনার নন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বিভিন্ন মহল অভিযোগ করছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, চাকরি জীবনে নির্বাচন কমিশনারগণ স্বচ্ছ ছিলেন, এখনো সেভাবেই আছেন। কমিশনের অনুমোদন নিয়েই নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে সহিংসতা আগের চেয়ে কমেছে। কাউন্সিলর প্রার্থীদের কোন্দলের কারণে কিছু কিছু সহিংসতা হচ্ছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে নির্বাচনে অনিয়ম ও সহিংসতার বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় না।

নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অভিযোগ তদন্তের দাবি জানিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি বরাবর দুই দফা চিঠি দেন দেশের ৪২ জন নাগরিক। এসব অভিযোগ প্রসঙ্গে কবিতা খানম বলেন, আমরা এখানে যারা (নির্বাচন কমিশনার) আছি। প্রত্যেকেই ৩০-৩১ বছর চাকরি করে এসেছি। যারা সারাজীবন স্বচ্ছ থেকেছি, মাত্র পাঁচ বছরের জন্য এখানে দায়িত্ব নিয়ে নিশ্চয় নিজেদের বিতর্কিত করব না। তিনি বলেন, কেউই সার্ভিস জীবনে বিতর্কিত ছিলেন না। এখনো বিতর্কিত না। প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এসব অভিযোগ করা হয়েছে।

প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কবিতা খানম বলেন, অডিট আপত্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসতে পারে, এটা দুর্নীতি না। নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু সহিংসতা হচ্ছে। তবে আগের তুলনায় অনেকটা কম। প্রার্থীরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে। নির্বাচনি অনিয়মের কোনো ঘটনা তদন্ত করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ইসি প্রত্যেকটা অভিযোগ তদন্ত করেছে। কিছু কিছু বিষয় থাকে ইসির এক্তিয়ারের বাইরে। সেগুলো সম্পর্কে আমরা সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছি। এক জন কমিশনার বলেছেন নির্বাচনি অনিয়ম হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।