যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১২

যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন লেগেছে। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বামপাশে অবস্থিত ব্যারাকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা কেউ নিশ্চিত করতে পারেনি। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, আগুন লাগার পরপরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে গেছেন। ওসি মনিরুজ্জামান জানান, তারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান জেলখানায় যান। তিনি আগুন নেভানোর কাজ তদারকি করেন।