সরকারের অপশাসন আড়াল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার নড়াইল আদালতে মানহানির মামলায় তারেক রহমানকে সাজা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, দেশবিদেশে সরকারের অপশাসন, কুশাসন প্রচার তড়িঘড়ি করে আড়াল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজানো মামলায় সরকারের নির্দেশে নড়াইলের আদালত ফরমায়েশী যে রায় দিয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সরকার জনদৃষ্টিকে ভিন্নখাতে নিতে একতরফা বিচারিক প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দিয়েছে। তিনি বলেন, সরকারের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নে শুধু গণমাধ্যম নয়, গোটা জাতি এখন সেলফসেন্সরশিপে ভুগছে। এর মধ্যে সরকারের কিছু অপকর্ম বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে সেটির উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে বরং তারেক রহমানকে সামনে আনা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে। মির্জা ফখরুল বলেন, মামলার এই রায় বর্তমান সরকার প্রধানের ইচ্ছারই প্রতিফলন। আমি এই রায় প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।
