কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার তোয়াক্কা না করা আলজাজিরার অভ্যাসে পরিণত হয়েছে। অনেক দিন ধরেই আলজাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব মন্তব্য করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার নামে আলজাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও যথাযথ প্রমাণভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আলজাজিরার প্রচারিত তথ্যচিত্রে কিছু ব্যক্তির বক্তব্য প্রমাণ ব্যতিরেকে মিউজিক ও স্পেশাল এফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে; যা উদ্দেশ্যপ্রণোদিত।
