আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আলজাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশ বিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।
আমির হোসেন আমু বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উসকানি দিচ্ছে আলজাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিবেদন বিদেশভিত্তিক আরেকটি ষড়যন্ত্র।
