পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড জানায়, মঙ্গলবার রাতে সফল ভাবে চালানো এই অভিযানে দুই ইরানি সীমান্তরক্ষীকে উদ্ধার করা হয়েছে। বালুচ বিদ্রোহীদের হাতে আড়াই বছর আগে তারা অপহূত হয়েছিলেন। বিপ্লবী গার্ডের দাবি, ২০১৮ সালের অক্টোবর মাসে পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন জইশ-উদ-আদল আকস্মিক হামলা চালিয়ে ইরান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে বালুচিস্তান প্রদেশের সিসতান অঞ্চলের মেরকাভা শহরে নিয়ে যায়। অপহূত সীমান্তরক্ষীদের উদ্ধার করতে যৌথ কমিটি গঠন করে তেহরান ও ইসলামাবাদ।
২০১৮ সালের ১৫ নভেম্বর অপহূত ৫ জনকে মুক্তি দেওয়া হয়। ২০১৯ সালের ২১ মার্চ আরও ৪ অপহূত ইরানি সেনাকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী। জইশ-উদ-আদল ইরান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যুক্ত রয়েছে। দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ইরানে প্রায়ই আঘাত হানে এই বিদ্রোহীরা। -হিন্দুস্তান টাইমস
