আওয়ামী লীগ মানুষের স্বপ্ন পূরণের দল: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৬

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গণ মানুষের দল। এই দল হচ্ছে দেশের মানুষের স্বপ্ন পূরণের দল। বঙ্গবন্ধুর নেতৃত্ব আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। নড়িয়া তার জ্বলন্ত উদাহরণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। বিদেশে বসে বিশ্ব মাফিয়াদের সঙ্গে তারেক রহমানরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। কারণ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। তাই সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ প্রমুখ। এসময় পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ