বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৫

বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজওয়ান (২৮) নামে এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহত রেজওয়ান শাজাহানপুর উপজেলার শেয়ালচাপড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করেই সম্প্রসারণ লাইন চালু হলে বিদ্যুতায়িত হন রেজওয়ান। এসময় ঘটনা স্থলেই মারা যায় সে। আহত অপর একজনকে হাসপাতালে পাঠানো হয়। 

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মাজাহারুল ইসলাম জানান, ঠিকাদার কাজ করার বিষয়ে আমাদের অবহিত করেনি। তাই এ ঘটনার দায় দায়িত্ব ঠিকাদারের। 
 
ইত্তেফাক/এসসিএস