বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় করপোরেশনের এ্যানেক্স ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, ইতিমধ্যে বরিশাল নগরীর জন্য ১০ হাজার টিকা এসে পৌঁছেছে। নগরীতে করোনার টিকা প্রদানের ১৭টি বুথ থাকবে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আটটি, জেনারেল (সদর) হাসপাতালে আটটি এবং পুলিশ হাসপাতালে একটি। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শেবাচিম হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন প্রমুখ।
