চিন্তা ও মত প্রকাশে স্বাধীন, অনিয়মের বিরুদ্ধে শুভবোধ জাগ্রত করার অধিকার, সর্বদা ভালো কাজ করা ও ভালো কাজ করতে দেওয়ার অধিকারই স্বাধীনতা। সময়, স্থান ও ক্ষেত্রবিশেষে স্বাধীনতা শব্দটি বিশেষ বিশেষ অর্থ বহন করে। ১৯৭১ সালে স্বাধীনতার অর্থ আর স্বাধীন দেশে তথা বর্তমান সময়ে স্বাধীনতার অর্থের বিশেষ গুরুত্ব রয়েছে। একজন নারীর কাছে স্বাধীনতা হলো পুরুষের লোলুপ দৃষ্টি থেকে মুক্তি। একজন কৃষকের কাছে স্বাধীনতা হলো ফসলের ন্যায্য দাম পাওয়া। বাস্তবতার জাঁতাকলে পিষ্ঠ বাল্যবিবাহের শিকার হওয়া একটি মেয়ের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বাধীনতা অনেক বেশি অর্থবহুল। শেয়ারবাজারে একজন বিনিয়োগকারী অবশ্যই এ স্বাধীনতা পাওয়ার অধিকার রাখে যে; হঠাত্ করে সে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে না। হন্যে হয়ে চাকরি খুঁজতে থাকা একজন বেকার যুবকের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য তথা উদ্যোক্তা বা ভিন্ন কিছু হওয়ার জন্য রাষ্ট্র থেকে সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু বাস্তবতা বলে, উদ্যোক্তা হওয়ার জন্য বেকারদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়।
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা মানে অন্যায়ের প্রতিবাদ করা, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। স্বাধীনতা মানে ক্ষমতাবলে অন্যের অধিকার কেড়ে নেওয়া নয়। স্বাধীনতা মানে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দুই-তিন দশক আগেও একটি রাষ্ট্রে যে অনিয়ম, দুর্নীতি, অপকর্ম, ভিন্নমত দমন, সংখ্যালঘু নির্যাতন, গুম ও ক্ষমতার অপব্যবহার হতো, দুই-তিন দশক পরেও যদি একইভাবে বা ভিন্নভাবে ঐসব অব্যবস্থাপনা চলতে থাকে তাহলে বুঝতে হবে স্বাধীনতার অর্থ সেই রাষ্ট্রের জনগণের কাছে পৌঁছায়নি। একজন বয়স্ক ব্যক্তির বয়স্কভাতার জন্য দ্বারে দ্বারে ঘোরার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা হলো রাষ্ট্র প্রদত্ত অধিকার ঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
স্বাধীনতা মানে পরাধীনতার শিকলে বন্দি থাকা নয়, স্বাধীনতা মানে স্বয়ংসম্পূর্ণ হওয়া। একজন বেকার তরুণ যদি চাকরি না পেয়ে, পরিবারের আশা পূরণ করতে না পেরে পদে পদে বাধার সম্মুখীন হয়ে আত্মহত্যার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তাহলে বুঝতে হবে পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ সবার জন্য সমান হয়ে ওঠেনি। স্বাধীনতা মানে বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্বাধীনতা মানে দলীয়করণ নয়, পরিস্থিতি কাজে লাগিয়ে জনগণকে বোকা বানানো নয়। স্বাধীনতা মানে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। স্বাধীনতা মানে শিক্ষার সঙ্গে বাস্তবের সম্মিলন ঘটানো। স্বাধীনতা মানে সুশাসন। স্বাধীনতা মানে দেশের ঊর্ধ্বে রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে দেশ।
ঢাকা
