শততম টেস্টে রুটের হ্যাটট্রিক সেঞ্চুরি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমেই নিজের শততম টেস্টটি স্মরণীয় করে রাখলেন জো রুট। টেস্ট ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে অনন্য এই কীর্তি ছুঁলেন তিনি।

অমানবিক ফর্ম নিয়েই ভারতে পা রাখেন রুট। শ্রীলঙ্কায় দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরিতে করেন ৪২২ রান। রানবন্যা অব্যাহত রেখে সেঞ্চুরির হ্যাটট্রিকই করে ফেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ধ্রুপদী ব্যাটিংয়ে দিন শেষে অপরাজিত থাকেন ১২৮ রানে। ১৯৮ বলে যা সাজিয়ে রাখেন ১৪ চার ও একটি ছয়ের সাহায্যে।

আজ দ্বিতীয় দিনে রানের মাত্রাটা আরো বাড়িয়ে নেওয়াই রুটের মূল লক্ষ্য, ‘শততম টেস্টে সেঞ্চুরি পাওয়াটা স্পেশাল তবে আমি আশা করছি কাল (আজ) আরো কিছু রান করার বাকি আছে যা প্রথম ইনিংসে যথেষ্ট রান তুলতে সাহায্য করবে। সত্যিই আজকের দিনটি  সুন্দর ছিল।’

রুটের ক্যারিয়ারের অন্যতম সেরা দিনটি স্বাভাবিকভাবেই হতাশায় কাটিয়েছে ভারত। টস হেরে চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে  ৩ উইকেটে ২৬৩ রান খরচ করে ইতি টানে বিরাট কোহলির দল।

চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে ছাড়েন রুট ও সিবলি। তবে দিনের শেষ লগ্নে ২০০ রানের জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন জসপ্রীত বুমরাহ। ঘরের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নামা এই পেসার সাজঘরে পাঠান ২৮৬ বলে  ৮৭ করা সিবলিকে।

সকালের সময়টা অবশ্য ভালোই কেটেছে ভারতের। ইংলিশদের সাবধানি শুরুটা টেকেনি বেশি ক্ষণ। ৬৩ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। ররি বার্নসকে  রবিচন্দ্রন অশ্বিন ও দুর্দান্ত রিভার্স সুইংয়ে ড্যান লরেন্সকে ফেরান বুমরাহ।

বিপর্যয় সামলে এরপর সিবলিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রুট। কোনো রকম ভুলের সুযোগ দেননি তারা। সিবলি ধীরেসুস্থে খেললেও নিজের স্বভাবমত খেলতে থাকেন রুট। তাই তো পরে এসেও ১৬৪ বলে ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এই সেঞ্চুরিকে আরো অনেক দূর নিয়ে যাবেন সে রকম প্রত্যাশাই করছে তার দল।                        

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৬৩/৩ ৮৯.৩ ওভার (বার্নস ৩৩, সিবলি ৮৭, লরেন্স ০, রুট ১২৮*; বুমরাহ ৪০-২, অশ্বিন ৬৮-১, ইশান্ত ২৭-০)

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান

কলিন কাউড্রে (ইংল্যান্ড)

জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান)

গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)

অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)

ইনজামাম উল হক (পাকিস্তান)

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)*

গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

জো রুট (ইংল্যান্ড)

 

* শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং।