কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬৮ রান করেছিলেন প্রথম ইনিংসে। ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে আবারও চোটে পড়েন তিনি। ফিল্ডিংয়ের সময় পায়ে টান পড়ায় মাঠ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল কুঁচকির চোটেই ৬ ওভার বোলিং করে মাঠ ছেড়েছেন সাকিব। কিন্তু গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নতুন করে বাঁ উরুতে টান লেগেছে এ অলরাউন্ডারের।
যার কারণে গতকাল ফিল্ডিংয়ে নামেননি তিনি। এদিন বোলিংয়ে তার সার্ভিসও পায়নি বাংলাদেশ। তারপরও উইন্ডিজদের ২৫৯ রানে অলআউট করেছে স্বাগতিকরা।
আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে সাকিবকে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিসিবির মেডিক্যাল বিভাগ তার চিকিত্সা চালিয়ে যাবে এবং তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করবে।
তবে দল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম টেস্টে সাকিবের আর বোলিং করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দলের প্রয়োজনে ব্যাটিং করতে পারবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের।
