অ্যানরিচ নরকিয়া দারুণ বোলিংয়ের পরও ব্যাট হাতে সেই হতাশাই উপহার দিল দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে যেমন ১৬৬ রানে এগিয়ে পাকিস্তান, তেমনি ম্যাচের নিয়ন্ত্রণটাও তাদের হাতে।
প্রথম দিন বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি শেষ সেশনের কোনো বল। ১৪৫ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা পাকিস্তান বড় সংগ্রহেরই আশা দেখছিল। কেননা ক্রিজে ছিলেন দুই স্তম্ভ বাবর আজম (৭৭) ও ফাওয়াদ আলম (৪৫)। কিন্তু সেই আশা একাই গুঁড়িয়ে দেন নরকিয়া। ৫৬ রানে ৫ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। তবু ফাহিম আশরাফের অপরাজিত ৭৮ রানের সুবাদে ২৭২ রান তোলে পাকিস্তান।
জবাব দিতে নেমে ছন্নছাড়া ব্যাটিংয়ে ৪ উইকেটে ১০৬ রান নিয়ে দিন শেষ করে প্রোটিয়ারা। টেম্বা বাভুমাকে (১৫) নিয়ে অপরাজিত আছেন ১১ বলে ২৪ রান করা অধিনায়ক ডি কক। এর আগে পরপর দুই বলে ডিন এলগার ও রসি ভ্যান ডার ডুসেনকে ফিরিয়ে পাকিস্তানকে চালকের আসনে বসান পেসার হাসান আলী।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ২৭২/১০ ১১৪.৩ওভার (বাবর ৭৭, ফাওয়াদ ৪৫, রিজওয়ান ১৮, ফাহিম ৭৮*; নরকিয়া ৫৬-৫, মহারাজ ৯০-৩, মুল্ডার ৪০-১)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১০৬/৪ (এলগার ১৫, মারকারাম ৩২, ডু প্লেসিস ১৭, বাভুমা ১৫*, ডি কক ২৪*; হাসান ২৯-২, ফাহিম ১৬-১, নমান ১৯-১)
