জার্মানির করোনা নীতির জন্য ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে লাইপজিগে পা রাখছে না লিভারপুল। কোভিডের নতুন ধরনের সংক্রমণ শুরু হওয়ার পর বেশি আক্রান্ত দেশগুলো থেকে জার্মানিতে প্রবেশনিষিদ্ধ করে দিয়েছে জার্মান সরকার। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। লিভারপুলকে আতিথ্য দেওয়ার জন্য বিশেষ অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল রেডবুল লাইপজিগ। কিন্তু বৃহস্পতিবার এক বিবৃতিতে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘গত শুক্রবার কেন্দ্রীয় সরকার কর্তৃক যে করোনা নিয়ন্ত্রণ অর্ধাদেশ জারি করা হয়েছে সেটি পেশাদার ক্রীড়াবিদদের জন্য কিছুটা শিথিল করা গেলেও কারোর জন্য বিশেষ আয়োজনের কোনো জায়গা নেই। আজ (গতকাল) কেন্দ্রীয় পুলিশ আরবি লাইপজিগকে জানিয়ে দিয়েছে তাদের ব্যাপারটি আইন শিথিল করার মতো না।’ ১৬ ফেব্রুয়ারির ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি লাইপজিগ ও উয়েফা।
