হাতিরঝিলে স্কুলছাত্রী মাহমুদা আক্তার বীথিকে মোটরসাইকেল থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার মা। আর এজন্য তিনি দায়ী করেছেন নাইম নামে এক যুবককে। হত্যাকাণ্ড হলেও পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা বলে ভিন্ন খাতে নিচ্ছে বলেও তার অভিযোগ। তার ভাষায়, এ ঘটনায় তিন জন গ্রেফতার হলেও তারা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে মেয়ে হত্যার বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মা রওশন আরা।
তিনি বলেন, ‘দশম শ্রেণির ছাত্রী বীথি গত বছরের ১৪ আগস্ট বিকালে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তাকে অনেক বার ফোন করলেও রিসিভ করেনি। এক পর্যায়ে রাসেল নামের এক যুবক ফোন রিসিভ করে জানায়, বীথি দুর্ঘটনায় পড়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে সে। সেখানে রাসেল নামে তার এক বন্ধু জানায়, মুগদা থেকে রিকশায় হাতিরঝিলে আসার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মেডিক্যালের চিকিত্সকরা বীথিকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠালে ১৬ আগস্ট রাতে সেখানে সে মারা যায়। দুর্ঘটনার বিষয়ে সন্দেহ হলে বীথির বান্ধবী চৈতিকে জিজ্ঞাসা করলে তারা রওশন আরাকে জানায়, তারা মোটরসাইকেলে হাতিরঝিলে ঘুরতে গিয়েছিল। নাইম নামের এক যুবকের মোটরসাইকেলে উঠেছিল বীথি। এক পর্যায়ে বাইক থেকে তাকে ফেলে দেয় নাইম। এতে গুরুতর আহত হয় বীথি। ঘটনাস্থল থেকে বীথিকে চৈতি ও রাসেল ঢাকা মেডিক্যালে নিলেও নাইম সেখান থেকে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ দুর্ঘটনায় বীথির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে এজাহারে। কিন্তু এটা হত্যাকাণ্ড। বার বার পুলিশকে বলা হলেও তারা নিজেদের ইচ্ছায় মামলার এজাহার তৈরি করেছে। ঐ তিন জনকে পুলিশ গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বীথির মাকে নানাভাবে হুমকি দিচ্ছে। পরে ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন তিনি। মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রওশন আরা।
অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কথাই এসেছে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই। তবে আসামি ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি, নাইমের মোটরসাইকেল থেকে বীথি পড়ে এই দুর্ঘটনা ঘটে। বীথির মায়ের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসআই সুব্রত বলেন, নাইম ও রাসেল বখাটে। বীথির মা আবেগতাড়িত হয়ে কথা বলছেন।
