তিন জনের মৃত্যু :বিষাক্ত মদ সরবরাহকারী গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

শ্রীপুরে সারাহ রিসোর্টে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে চিকিত্সাধীন অবস্থায় তিন জন মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, গত ২৮ জানুয়ারি ঢাকা থেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ৪৩ জনের একটি দল বেড়াতে আসে সারা রিসোর্টে। তারা ৩০ জানুয়ারি ফেরার পথে অন্তত ১৬ জন অসুস্থতা বোধ করলে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে তিনজন মারা যান। জেলা পুলিশের ডিবির একটি দল অভিযান চালিয়ে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে জাহিদ মৃধাকে গ্রেফতার করে। জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।