কর্মী সমস্যার সমাধান

প্রতি মাসে সভা হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের মধ্যে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০২

সৌদি আরবে কর্মীকল্যাণ ব্যবস্থাপনা আরো উন্নত করাসহ কর্মীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে প্রতি মাসে একটি সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান, ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মীদের কর্মসংস্থান এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। কর্মীরা যেন ঝামেলামুক্তভাবে সৌদি আরবে যেতে পারেন এবং সেখানে তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সব অধিকার নিশ্চিত হয় এ ব্যাপারে সৌদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।