কাঁচপুরে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

রাজধানীতে লরির ধাক্কায় স্কুলছাত্র, সোনারগাঁয়ের কাঁচপুরে দুই বাসের রেষারেষিতে তিন পথচারী, চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী, রংপুরের পীরগঞ্জে নিরাপত্তাকর্মী ও ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অপর এক  মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় নাফিউল ইসলাম নাফিজ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত নাফিজ দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাফিজের খালাতো ভাই সাজ্জাদ বিন আজাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে তেল না থাকায় নাফিজকে নিয়ে খিলগাঁও ত্রিমোহনী ব্রিজ পার হয়ে তেল আনতে যান তারা। তেল নিয়ে ফেরার পথে পাম্পের সামনে একটি তেলের লরি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই জনই ছিটকে পড়লে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নাফিজকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন—সোনারগাঁও রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক, রংপুরের কোতোয়ালী থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল ও চাঁদপুরের মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বোরাক পরিবহনের একটি বাস কাঁচপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকালে দুই বাসের রেষারেষিতে হোমনা পরিবহনের অপর একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে যায়।

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর বাকলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন অটোরিকশা যাত্রী নিহত এবং অপর চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। বহদ্দারহাট-শাহ আমানত (র.) সেতু সংযোগ সড়কের ব্যস্ততম রাহাত্তারপুল এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি সিএনজিচালিত মাহিন্দ্রা অটোরিকশাকে বালিবাহী অপর একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে মর্মান্তিক এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশা চালক মো. অহিদ মিয়া, যাত্রী মো. শহীদ মাঝি ও মো. আব্দুল মান্নান। রাতেই হতাহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।  বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, পীরগঞ্জে বালু বহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কানঞ্চগাড়ী গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে ও চায়নার সড়ক নির্মাতা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসসিইসি-৭-এর নিরাপত্তাকর্মী।

এদিকে কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল হাসান নামের অপর এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলা শহরের গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কালীগঞ্জ পৌরসভাধীন কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে।