সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জটের সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে কয়েক ঘণ্টা ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের ইন্টারনেট সার্ভিসে এই সমস্যা হয়। বিশেষ করে ব্রডব্যান্ড সংযোগের ক্ষেত্রে সংকটটি বেশি হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিবি) সভাপতি আমিনুল হাকিম ইত্তেফাককে বলেন, সিঙ্গাপুরে ক্লাউডে ডাটা জটের সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন হয়। অনেক এলাকায় ইন্টারনেটে স্পিড একেবারেই স্লো হয়ে যায়। সিঙ্গাপুরে যোগাযোগ করে তারা জেনেছেন সন্ধ্যার পর সমস্যা নিরসন হয়েছে। যদিও এই সমস্যাটিকে সাবমেরিন ক্যাবলের কোনো সমস্যা বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানায়নি।
