সাত বগি দুমড়েমুচড়ে গেছে তেল নিয়ে কাড়াকাড়ি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪

চট্টগ্রাম থেকে সিলেটে আসার পথে  ফেঞ্চুগঞ্জে তেলবাহী রেলের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২০ ঘণ্টা পার হলেও (রাত ৮টা) উদ্ধারকাজ এখনো শেষ হয়নি। তবে শুক্রবার রাত ১০টার মধ্যে উদ্ধার ও লাইন মেরামত কাজ শেষ করে আন্তঃনগর ‘উপবন’ ছাড়ার চেষ্টা করা হচ্ছে বলে কুলাউড়া রেল স্টেশনের লোকো শেডের ইনচার্জ দুলাল চন্দ্র দাস দুর্ঘটনাস্থল থেকে ইত্তেফাককে জানান। এদিকে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ক্রেন সকাল সোয়া ৮টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টায় চারটি ট্যাংকার  উদ্ধার করা সম্ভব হয়।

বৃহস্পতিবার  দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে  ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও  ইউপির বিয়ালিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে ১০টি বগি লাইনচ্যুত হয়। যার মধ্যে সাতটি বগি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে  সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।  সিলেটের ফেঞ্চুগঞ্চে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৮০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র জানায়। তেলবাহী বগি দুর্ঘটনার পর থেকে এ পথের রেল যাত্রীরা বিপাকে পড়েছেন। দিনভর উদ্বিগ্ন থাকতে হয় যাত্রীদের। অনেকেই সিলেট স্টেশনে এসে ফিরে যান।

তেলবাহী বগিগুলো দুর্ঘটনায় পতিত হলে আশপাশে ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। পাশের পুকুর-জলাশয়ে জ্বালানি ছড়িয়ে পড়েলে লোকজন বালতি, জগ, ডেক, ডেকচি ও ড্রামে করে জ্বালানি তেল নিয়ে যেতে দেখা যায়। দিনভর তেল সংগ্রহ করতে সেখানে রীতিমতো উত্সব পড়ে যায়। কুলাউড়াস্থ রেলের পরিবহন পরিদর্শক তৌফিকুল আজিম জানান ১ লাখ ৬০ হাজার লিটার তেল পড়ে গেছে।

পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন : 

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেটের আরডিএম মো. সাদেক। তিনি সংবাদ মাধ্যমকে জানান, শনিবার  থেকে শুরু করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।