মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসন বিচারে সাক্ষ্য দেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লিখিত বিবৃতিও তিনি দেবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে ট্রাম্প তারকাদের একটি সংগঠন সাগ-আফট্রা থেকে পদত্যাগ করেছেন। এই সংগঠনে প্রায় ১ লাখ ৬০ হাজার পেশাদার শিল্পী ও অভিনেতা জড়িত আছেন। খবর সিএনএন ও রয়টার্সের
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অভিশংসন ম্যানেজারদের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে ট্রাম্পকে শপথ নিয়ে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা সম্পর্কে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ট্রাম্পের পক্ষ থেকে সে অনুরোধই প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার জানিয়েছেন, তিনি (ট্রাম্প) অসাংবিধানিক বিচার প্রক্রিয়ায় কোনো সাক্ষ্য দেবেন না। অভিশংসন ম্যানেজার দলের নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জ্যামি রাস্কিনের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ক্যাপিটলে হামলা উসকে দেওয়ার যে অভিযোগ প্রতিনিধি পরিষদ করেছে ট্রাম্প তা নিয়ে বিতর্ক সৃষ্টি করায় সিনেটে তার সাক্ষ্য নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা মঙ্গলবার। আগামী সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারের মধ্যে কোনো একসময় ট্রাম্পকে এই সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের পক্ষের অভিশংসন ম্যানেজার রাস্কিন লেখেন, দুই দিন আগে আপনি একটি জবাব পাঠিয়েছেন। সেখানে আপনি অভিশংসন প্রস্তাবের (আর্টিকেল অব ইমপিচমেন্ট) অনেক সত্য অভিযোগ অস্বীকার করেছেন। আপনার সাংবিধানিক অপরাধ সংঘটনের ভূরি ভূরি সুস্পষ্ট প্রমাণ থাকার পরও সমালোচনামূলক তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। সত্য অভিযোগ নিয়ে এই বিতর্ক সৃষ্টির প্রেক্ষাপটে আমি ৬ জানুয়ারির ঐ ঘটনা নিয়ে সিনেটে বিচার প্রক্রিয়া চলার সময় কিংবা তার আগে শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে (ট্রাম্প) লিখিত আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু তার এই অনুরোধের চিঠি পাওয়ার পরপরই ট্রাম্পের আইনজীবীরা তা প্রত্যাখ্যান করে পালটা তিন অনুচ্ছেদের একটি চিঠি লিখে পাঠিয়েছেন। এতে বলা হয়, প্রতিনিধি পরিষদ যে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারবে না, রাস্কিনের অনুরোধে সে লক্ষণই প্রকাশ পেয়েছে। তাছাড়া ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে না থাকায় তার বিরুদ্ধে সিনেটের বিচার প্রক্রিয়াও অসাংবিধানিক বলে উল্লেখ করেন আইনজীবীরা।
