সিনিয়র সাংবাদিক, খ্যাতিমান কবি, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য কবি আহমদ আখতার (৬২) আর নেই। গতকাল শুক্রবার বিকালে তিনি রাজধানীর পূর্ব রামপুরাস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কবি ফররুখ আহমদের ছেলে। কবি আহমদ আখতার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন। আহমদ আখতার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।
পরিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। অনেক দিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। গতকাল বিকালের দিকে বাসায় হঠাত্ শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থতা দেখা দিলে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
