নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে কলকাতার নিউ টাউনে নির্মাণ করা হবে ‘?আজাদ হিন্দ স্মারক’। শুক্রবার পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেট পেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। এর জন্য খরচ হবে ১০০ কোটি রুপি। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতি জেলায় হবে জয়হিন্দ ভবন। সেখানে তরুণ প্রজন্ম নেতাজির জীবনের অনুপ্রেরণায় নিজেদের তৈরি করবেন। ভবনগুলো শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কাজেও ব্যবহার করা যাবে। এর জন্যও ১০০ কোটি রুপি বরাদ্দ হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশে নতুন ‘নেতাজি ব্যাটেলিয়ন’ করা হবে।
মমতা ব্যানার্জি জানিয়েছেন, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গে ‘নেতাজি রাজ্য যোজনা কমিশন’ তৈরি হবে। পশ্চিমবঙ্গের অর্থনীতির রূপরেখা তৈরি করতেই এই উদ্যোগ। তিনি বলেন, ‘ভারতবর্ষে জাতীয় পরিকল্পনার কথা প্রথম বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার যোজনা কমিশন তুলে দিয়েছে। তাই নেতাজির অবদানের কথা স্মরণ রেখে পশ্চিমবঙ্গে একটি যোজনা কমিশন গঠন করব। তার নাম হবে ‘নেতাজি রাজ্য যোজনা কমিশন’।
