গিনেস বুকে উঠবে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

বগুড়ার শেরপুর উপজেলার বালিন্দা গ্রামে ১২০ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে শিল্পকর্ম ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। যা গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এটি শ্রেষ্ঠ কাজ হবে। গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষি সাংবাদিকদের সঙ্গে শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

শস্যচিত্রে বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটি যেন ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি শিল্প কর্মটির সব তথ্য গিনেস বুকে পাঠানো হবে। তিনি বলেন, এতো বড় আয়তন ও আয়োজনে শস্যচিত্রের কাজ আর আগে কখনো হয়নি। গত ২০১৯ সালে চীনে ৭৫ বিঘা জমিতে একটি শস্যচিত্র করা হয়। যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। আর বালিন্দার শস্যচিত্রের আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। জমির পরিমাণ ১২০ বিঘা।

অনুষ্ঠানে জানানো হয়, শস্যের ক্যানভাসে জাতির পিতার মুখচ্ছবি ফুটিয়ে তুলতে দুই ধরনের ধানের চারা ব্যবহার করা হচ্ছে। এসব ধানের চারা চীন থেকে সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে বেগুনি ও সবুজ রঙের দুই ধরনের ধানের চারা রোপণ কাজ সম্পন্ন হয়েছে। ধান পাকার আগ পর্যন্ত নানা রূপ ধারণ করবে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটি। ১৪৫ দিনের মধ্যে এই ধান ঘরে ওঠবে। একটি সবুজাভ সোনালি আর অন্যটি বেগুনি রঙের। সেই সঙ্গে রচিত হবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি নিয়ে এক নতুন ইতিহাস। বিএনসিসির ১০০ জন সদস্য এবং ৫০ জন শ্রমিক-কর্মচারী বৃহস্পতিবার চারা রোপণ সম্পন্ন করেন।

গতকালের মতবিনিময় সভায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।