পাকিস্তানের সঙ্গে যোগ বা স্বাধীন থাকার সিদ্ধান্ত কাশ্মীরিদের --------------ইমরান খান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬

কাশ্মীরিরা স্বাধীন হবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে সেই সিদ্ধান্ত কাশ্মীরিরা নেবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভবিষ্যতে গণভোটে কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়ে মত দিলেও তাদের আবারো সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়া হবে। গতকাল শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষ্যে আজাদ কাশ্মীরের কোটলি জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইমরান খান। খবর ডনের

১৯৪৮ সালে কাশ্মীরিদের দেওয়া বিশ্ববাসীর অঙ্গীকার পূরণ হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সবসময় মনে করিয়ে দেব যে, কাশ্মীরিদের দেওয়া প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। ভবিষ্যতে গণভোটের আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের বাসিন্দারা যখন নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে এবং যখন পাকিস্তানকে বেছে নেবে, তখন কাশ্মীরিরা পাকিস্তানের অংশ হবে নাকি স্বাধীন থাকবে, তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হবে। তিনি ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন।